নাছির উদ্দিন সোহেল, সিবিএন;
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রতিদিন বহন করছেন উপকূলের জেলে, শুঁটকি শ্রমিক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। অথচ জলবায়ু সংকট মোকাবিলায় তাঁদের জন্য প্রয়োজনীয় ন্যায্য অর্থায়ন এখনো নিশ্চিত হয়নি। এ পরিস্থিতিতে ঋণের পরিবর্তে সরাসরি অনুদানভিত্তিক অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় স্থানীয় জনগোষ্ঠীর মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারের নাজিরারটেকে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবিতে আয়োজিত এক প্রচারাভিযান ও সংহতি কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর প্রথম সপ্তাহে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।
এতে শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় জেলে, নারী শুঁটকি শ্রমিক, তরুণ-তরুণী এবং উপকূলীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে উপকূলীয় জীবিকা, জলবায়ু ন্যায়বিচার এবং নারী ও তরুণদের অধিকারসংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি), ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), ইয়ুথ অ্যাকশন ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (জাইদা বাংলাদেশ), উই ক্যান কক্সবাজার এবং ইয়ুথ কো-অপারেটিভ অ্যান্ড সিভিল সোসাইটি (ওয়াইসিসিএস) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে জাইদা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরুখ করিম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলের জেলে, শুঁটকি শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী প্রতিদিন সরাসরি বহন করছেন। সমুদ্রের পরিবর্তিত পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, জীবিকার অনিশ্চয়তা ও আর্থিক সংকট তাঁদের জীবনকে আরও কঠিন করে তুলছে। অথচ জলবায়ু সংকটের জন্য যাঁরা সবচেয়ে কম দায়ী, তাঁদেরই ঋণের বোঝা বহন করতে হচ্ছে। জলবায়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঋণের পরিবর্তে সরাসরি অনুদান, প্রযুক্তিগত সহায়তা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ‘ঋণ নয়, অনুদান’ শীর্ষক প্রতীকী প্রতিবাদ। একটি বড় মাছ ধরার জালে কাপড়ের তৈরি শত শত ‘ঋণ’ ও ‘অনুদান’ লেখা ট্যাগ ঝোলানো হয়। পরে জেলে, নারী শুঁটকি শ্রমিক ও তরুণ স্বেচ্ছাসেবীরা একে একে ‘ঋণ’ লেখা ট্যাগ সরিয়ে সেখানে ‘অনুদান’ লেখা ট্যাগ যুক্ত করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও অংশগ্রহণকারীরা নিজেদের দাবিগুলোও লিখে জালে সংযুক্ত করেন। কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে জালটি তুলে ধরে মানববন্ধন করেন।
বক্তারা বলেন, কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন বাড়ানোর পাশাপাশি কৃষি, মৎস্য ও খাদ্যব্যবস্থার জন্য স্থানীয় চাহিদাভিত্তিক অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র জেলে, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ অর্থ সরাসরি অনুদান হিসেবে পৌঁছে দিতে হবে।
তাঁরা আরও বলেন, সৌরচালিত বরফকল, মাছ সংরক্ষণাগার, শুঁটকি প্রক্রিয়াজাতকরণ এবং উপকূলীয় জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় স্থানীয় জেলে সমবায়, নারী শ্রমিক ও কমিউনিটি সংগঠনের মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি), জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জেলে, কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
আয়োজকেরা বলেন, কক্সবাজারের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের জেলে, নারী শুঁটকি শ্রমিক ও তরুণদের অভিজ্ঞতা এবং দাবিগুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরা জরুরি। জলবায়ু অর্থায়ন হতে হবে অধিকারভিত্তিক, অংশগ্রহণমূলক এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বাস্তব প্রয়োজনের সঙ্গে
