স্টাফ রিপোর্টার, পেকুয়া;

কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবগঠিত পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিতকরণ, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসক হিসেবে ইউএনও রফিকুল ইসলাম পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা, আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের তদারকির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পৌর এলাকার নাগরিক সুবিধা সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ফলে জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌরসভার কার্যক্রম পরিচালনার ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রশাসকের মাধ্যমে পেকুয়া পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।