সংবাদদাতা:
রামুর মনিরঝিল এলাকার আওয়ামী লীগ নেতা জহির মেম্বারের ছেলে রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন। মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার আওয়ামী লীগ নেতা জহির মেম্বারের ছেলে রিয়াজ উদ্দীনের সঙ্গে এক নারীর দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই সুবাদে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তিনি দীর্ঘদিন ওই নারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন বলে অভিযোগ রয়েছে।
গত ২০/০৫/২০২৬ তারিখে আদালত চার্জশিট গ্রহণ করে পলাতক রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
তদন্তকারী কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেন, বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে, এমনকি বাসা ভাড়া নিয়ে এবং পরবর্তীতে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট আলামত ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করে ঘটনার সত্যতা পাওয়ার পর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, রিয়াজ উদ্দীন ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
মামলার বাদী ভুক্তভোগী মোবাইল ফোনে বলেন, “আসামি রিয়াজ উদ্দীন এর আগেও একাধিক নারীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করেছেন বলে আমি জানতে পেরেছি। তিনি আমাকে হুমকি দিয়ে বলেছেন, তার বাবার অনেক টাকা আছে এবং তিনি চাইলে টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন। এ কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, “আমি গরিব পরিবারের মেয়ে। মাননীয় আদালতের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। আমি আশা করছি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।”
