আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়। পৃথক আরেকটি অভিযানে এক ওয়ারেন্টভুক্ত মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ মে) ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি এ এম বি ব্রিক ফিল্ড নামের ইটভাটায় বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
অপরদিকে, একই দিনে পৃথক অভিযানে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে নুরুল কবির নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
