যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পর্যটন নগরী কক্সবাজারে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, কক্সবাজার শাখা। শুক্রবার (১ মে) সকালে রেলওয়ে শ্রমিকদের অধিকার আদায় ও সংহতির লক্ষ্য নিয়ে শাখা কার্যালয়ে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কক্সবাজার শাখার আহ্বায়ক শুভংকর দে। তিনি তার বক্তব্যে বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমিকদের রক্তস্নাত অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। বর্তমান প্রেক্ষাপটে রেলওয়ে শ্রমিকদের নায্য পাওনা নিশ্চিত করা এবং তাদের কর্মপরিবেশ উন্নত করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা শ্রমিকদের অধিকার রক্ষায় সবসময় আপসহীন থাকব।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আমান ইকবাল। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। বিশেষ করে নবনির্মিত কক্সবাজার রেললাইন প্রকল্পে যারা দিনরাত পরিশ্রম করছেন, তাদের স্বার্থরক্ষা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আমরা ঐক্যবদ্ধ। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে শ্রমিকদের কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।”
সভায় বক্তারা রেলওয়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং অতিদ্রুত শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত কর্মসূচিতে কক্সবাজার জেলা রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভার শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
কক্সবাজারে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে মে দিবস পালিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
