নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ছয় বছর বয়সি এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনি বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। গুরুতর অবস্থায় ভিকটিম শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ধর্ষক ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে কামাল উদ্দিন (৫৬) বলে জানাগেছে। তবে
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ধর্ষক কামাল উদ্দিন এলাকা ছেড়ে পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
স্থানীয় এলাকাবাসী ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির সামনে উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত ধর্ষক ব্যক্তি তাকে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবদুল মোমেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, শিশু ধর্ষণের বিষয়ে ঘটনাটি জেনেছি। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের টিম মাঠে কাজ করে যাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি।
