কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি নৌকা নিয়ে সমুদ্রে পালিয়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা আরও ৫ থেকে ১০ জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

সোমবার (১৬ নভেম্বর) রাতে টেকনাফের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার ব্যক্তিরা হলেন-কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীর হায়দারপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৫), দক্ষিণ পাকারমড়া গ্রামের রাকিব হাসান (২২) ও পোড়াখালী গ্রামের আব্দুল্লাহ হোসেন (৪৫); রামু উপজেলার গর্জনিয়ার কিয়াজুর বিল গ্রামের আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার রিদুয়ান মিয়া (১৯)।

বিজিবি সূত্র জানায়, রাতে লম্বরীঘাট দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির তথ্য পায় বিজিবি। পরে ১৫ থেকে ২০ জনকে অবস্থান করতে দেখেন। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করেন তাঁরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি আবার সমুদ্রে চলে যায়। এ সময় তীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি অন্ধকারে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বিজিবি জানায়, উদ্ধার পাঁচজনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।