গত মঙ্গলবার বেদারুল আলম নামের এক ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত আইডিতে প্রকাশিত একটি স্ট্যাটাস আমার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়াটেক এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাকে, নুরুল হক ওরফে বাবু (৪২), এবং আরমান (৩০)-কে একটি কথিত ইয়াবা কারবারি সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে নানা ধরনের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে হিরু শর্মা, রিয়াদ, দলাইয়া ও মো. রুবেলসহ কয়েকজনের নাম উল্লেখ করে আমাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে।
প্রকাশিত ওই স্ট্যাটাসে আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন সচেতন নাগরিক হিসেবে এ ধরনের অপপ্রচার ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হলো, আমি বর্তমানে সৎভাবে জীবনযাপন করছি। অথচ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বেদারুল আলম এর আগে কয়েক দফায় আমার কাছে টাকা দাবি করেছিলেন। কিন্তু আমি তার দাবিতে সাড়া দিতে এবং টাকা দিতে অনীহা প্রকাশ করায় তিনি ক্ষুব্ধ হন। এরই জেরে নিজের মতো করে বিভিন্ন ব্যক্তির নাম ও অভিযোগ যুক্ত করে তাদের সাথে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তিনি।
একটি ফেসবুক স্ট্যাটাসকে সংবাদ আকারে উপস্থাপন করে সেখানে একাধিক ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ এসব অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, প্রমাণ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তুলে ধরা হয়নি। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করা হাস্যকর।
বেদারুল আলম ইদানীং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং সেই পরিচয় ব্যবহার করে টাকা আদায়ের চেষ্টা করছেন। আমার কাছ থেকে টাকা না পেয়ে আমাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। কারও ব্যক্তিগত স্বার্থ, ক্ষোভ কিংবা অর্থ আদায়ের উদ্দেশ্যে আমাকে মাদক কারবারি হিসেবে উপস্থাপন করার অধিকার কারও নেই। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাউকে হেয়প্রতিপন্ন বা ভয়ভীতি দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা অনুচিত।
বেদারুল আলমের লেখাপড়ার জ্ঞান ও লেখালেখির দক্ষতা তেমন নেই। আমার ধারণা, তিনি অন্য কোনো ব্যক্তিকে ব্যবহার করে তার কাছ থেকে ফেসবুক স্ট্যাটাস লিখিয়ে নিচ্ছেন এবং পরে নিজের আইডি থেকে তা প্রকাশ করছেন। এভাবেই অন্যের লেখা ও তথ্য ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন।
পরিশেষে, আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব অভিযোগে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদ ও ব্যাখ্যাকারী:
নুরুল হক বাবু
পিতা: মনির আহমদ মেম্বার
সাং- খরুলিয়াটেক, ৮ নম্বর ওয়ার্ড
ঝিলংজা ইউনিয়ন, সদর, কক্সবাজার।
