মোঃ আরাফাত সানি, টেকনাফ:

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক-বি-এর বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে জোবায়ের (২০) এবং ক্যাম্প-৭, ব্লক-ই-এর বাসিন্দা ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, টহল চলাকালে সীমান্তবর্তী মিজানের ঘের নামক স্থান দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন তারা।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।