নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সরকার বিরোধী নানা কর্মসূচিতে ঠিকাদারীর আড়ালে অর্থ যোগানের অভিযোগ উঠেছে শহর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আসাদ উল্লাহর বিরুদ্ধে।

চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের অপরাধীরা আত্মগোপনে চলে গেলেও বীরদর্পে চলছেন বিতর্কিত ঠিকাদার আসাদ।

শুধু যুবলীগের নেতা হিসেবে নয়, ঠিকাদার হিসেবেও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।

গত সেপ্টেম্বরের শেষের দিকে মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়া এবং ঠিকাদার আসাদ উল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কক্সবাজার আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট স্পেশাল জজ আদালত।

আওয়ামী লীগের সময়কালে জেলা সদর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদারি নিয়েছিলেন আসাদ। অবলীলায় ব্যবসা করেছেন অনেকদিন। ওই সময় নানা অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়। সম্প্রতি রামুর গর্জনিয়া এলাকায় সড়ক নির্মাণ নিয়েও রয়েছে অনিয়মের অভিযোগ। যদিওবা তিনি এসব বিষয় পরিকল্পিত মিথ্যাচার বলে ওই সময় দাবি করেছিলেন।

কয়েকজন জুলাইযোদ্ধা অভিযোগ করেছেন, আসাদ উল্লাহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিমের জামাতা। কক্সবাজারে বসেই শশুর পরিবারের প্রায় খরচ যোগান দেন তিনি।

বিএনপি সরকারের বিরুদ্ধে পলাতক আওয়ামী লীগের নানা প্রোপাগান্ডা এবং নাশকতামূলক কর্মসূচি বাস্তবায়নে অতি গোপনে অর্থ যোগান দিচ্ছেন আসাদ উল্লাহ। তার ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল ব্যাংকিং চেক করলে সরকারের বিরুদ্ধে অর্থ যোগানের অনেক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে অনেকে।

যুবলীগ নেতা  গতিবিধি গোয়েন্দা নজরদারিতে রাখা দরকার মনে করছে জুলাইয়ের সারথিরা।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত যুবলীগ নেতা আসাদ উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।