সিবিএন ডেস্ক:

কক্সবাজার পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর এ দাবি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং প্রাইম ওয়েভ কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়ন সহযোগিতায় হোটেল শৈবাল প্রাঙ্গণ ও সংলগ্ন প্রায় ৩৫ একর এলাকায় এ আয়োজনের প্রস্তুতি চলছে।

কার্নিভালের অবকাঠামো নির্মাণের জন্য ঝাউগাছ কাটা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণার প্রতিবাদ জানিয়ে পর্যটন করপোরেশন বলেছে, কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড ও বরাদ্দকৃত এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি কিংবা বনাঞ্চলের ক্ষতি করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলের জন্য এয়ার ফানেল রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বন বিভাগের সঙ্গে সমন্বয় করে ঝাউগাছের ওপরের অংশ ছাঁটাই করেছে। ছাঁটাই করা অংশ বন বিভাগ সংরক্ষণ করেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু গাছের গুঁড়ির ছবি পুরোনো এবং প্রাকৃতিক দুর্যোগে উপড়ে পড়া বা ক্ষতিগ্রস্ত গাছের বলে দাবি করা হয়েছে।

পর্যটন করপোরেশনের দাবি, ঘূর্ণিঝড় হামুন, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও জোয়ারের পানির তোড়ে আগে থেকেই ক্ষতিগ্রস্ত গাছের ছবি ব্যবহার করে কার্নিভালকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে বিকৃত করে প্রচার করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২ এবং যথাযথ সরকারি বিধিবিধান অনুসরণ করেই এ আয়োজন করা হচ্ছে। গত ১৫ নভেম্বর জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, শীতকালীন পর্যটনে বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কর্মসংস্থান বাড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছে করপোরেশন।

একই সঙ্গে গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সরেজমিনে কার্নিভাল প্রাঙ্গণ পরিদর্শন করে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।