সিবিএন ডেস্ক;

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন দুটি পৌরসভার মধ্যে রয়েছে বগুড়া জেলার মোকামতলা উপজেলার ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ‘জৈন্তাপুর পৌরসভা’।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা থানা’র নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।