নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরে মাদকবিরোধী মোবাইল কোর্টের পৃথক অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও লাইট হাউজ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রামুর ধোয়াপালং এলাকার মো. জোবায়ের (২৪), উখিয়ার বটতলী এলাকার নবী হোছন (১৮), মহেশখালীর মাতারবাড়ীর রবিউল হাছান (৪০), কক্সবাজারের লাহারপাড়া এলাকার মো. ফয়সাল (১৯) ও পশ্চিম লাহারপাড়ার মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫) এবং ফেনী সদর এলাকার মোহাম্মদ বেলাল (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, টার্মিনালের পানির ট্যাংকির সামনের এলাকা এবং লাইট হাউজ এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অভিযোগে তাঁদের আটক করা হয়।

পরে কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা অবন্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।