বিশেষ প্রতিবেদক :
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস, অভিযোগ পরে তা নিয়ে কথা-কাটাকাটি- এভাবের একের পর এক ঘটনা এক পযায়ে গড়ায় হাতাহাতি থেকে মারামারিতে। মারামারিকালে মোটরসাইকেলের চাবি দিয়ে যুবক শফিকের মাথায় আঘাত করে আরেক যুবক মুসলিম।
এতে গুরুতর আহত হয় শফিক। অবশেষে ১১ দিন চিকিৎসাধীন থাকা পর হাসপাতালে মারা গেলেন। মা-বাবার স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকা তরুণের জীবন থেমে গেল এখানেই!
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শফিক রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বয়স হয়েছিল ২৮ বছর।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনার সূত্রপাত স্থানীয় দোকানমালিক কফিল ও মুসলিম নামের দুই ব্যক্তির মধ্যকার মনোমালিন্যকে কেন্দ্র করে। এ বিরোধের জেরে সামাজিকমাধ্যম ফেসবুকে বিভিন্নজনের পাল্টাপাল্টি স্ট্যাটাস দেয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি নিয়ে মুসলিম অভিভাবকদের কাছে অভিযোগ জানান। তাঁর অভিযোগে শফিউল ইসলামের নামও উঠে আসে। পরে মুসলিম বিষয়টি শফিকের বাবা মোহাম্মদ ইসলাম ওরফে বড় মনুকে জানান।
বাবার কাছে বিষয়টি জানানো হয়েছে- এমন খবর পেয়ে শফিক মুসলিমের কাছে গিয়ে কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একপর্যায়ে মুসলিম তাঁর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করেন। পরে শফিকের সঙ্গে থাকা আরও কয়েকজন মুসলিমকে মারধর করেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার অভিযোগও রয়েছে।
গত ৬ নভেম্বর (শুক্রবার) আসরের নামাজের সময় রত্নাপালং ইউনিয়নের আমতলী এলাকায় ওই ঘটনা ঘটে।
মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর শফিককে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। নিহত পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে শফিকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজন ও স্বজনদের কাছে তাঁর এমন মৃত্যু যেন এখনো অবিশ্বাস্য। পড়াশোনা শেষ করে পরিবারকে ঘিরে ছিল তাঁর নানা স্বপ্ন। কিন্তু একটি বিরোধ ও সংঘর্ষে সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটল মর্মান্তিকভাবে।
পরিবারের পক্ষে স্থানীয় মোস্তাক আহমেদ জানান, শফিকের মরদেহ এখনো চট্টগ্রামে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। গ্রামে পৌঁছাতে রাত হয়ে যেতে পারে।
পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় কয়েকদিন আগেই উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
এ বিষয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি প্রাণহানির মতো ভয়াবহ পরিণতিতে গড়াবে, তা কেউ ভাবেননি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাঁদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধ উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
