সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার সম্মেলন-২০২৬ সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। সম্মেলনে এনামুল হক চৌধুরীকে সভাপতি, মাস্টার শেফা উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক অন্তর দে বিশালকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং পরিবেশকর্মী আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অন্তর দে বিশাল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাস্টার শেফা উদ্দিন।

সম্মেলনে পরিবেশ আন্দোলন ও স্থানীয় প্রতিবেশ সুরক্ষা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বাপা কক্সবাজার জেলা শাখার সহসভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কবি এম. জসিম উদ্দিন, কক্সবাজার শহর শাখার সভাপতি ইরফানুল হাসান, উখিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আয়াজ রবি, শহর শাখার সাবেক সভাপতি কপিল উদ্দিন, সাংবাদিক এরফান হোছাইন, আব্দুল্লাহ বিন মো. ম্যাক্স, হায়দার নিজাম ও আমান উল্লাহসহ অন্যান্য পরিবেশকর্মীরা।

সম্মেলনে বক্তারা কক্সবাজারের জলবায়ু, পাহাড়, বন ও সমুদ্রসৈকতের প্রতিবেশ রক্ষায় অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি আলোচনায় আসা ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ (ইসি) আইন বাতিলের বিষয়ে বক্তারা জোর দিয়ে বলেন, আইনের প্রয়োজনীয় পরিমার্জন বা সংশোধনের পথ খোলা থাকলেও যথাযথ আইনি ও বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া ঢালাওভাবে তা বাতিল করার কোনো সুযোগ নেই।