সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত তিনটার দিকে ১২ মিটার গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা এ অভিযান চালায়। ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাছ ধরার সময় বোট দুটি জব্দ করা হয়।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।