ইমাম খাইর, সিবিএন:
নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ, পরিবেশ এবং জনস্বার্থ রক্ষায় সম্মিলিত নাগরিক উদ্যোগ জোরদার করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম।
এতে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন সভাপতি এবং অ্যাডভোকেট সাকী-এ-কাউছারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- অধ্যক্ষ অজিত দাশ, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেদ সালাউদ্দিন, মকবুল আহমদ, হোসাইনুল ইসলাম মাতব্বর, অধ্যাপক শারমীন সিদ্দিকী লিমা ও এড. এহসানুল হক।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কমিটি ঘোষিত হয়।
ফোরামের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কবি রুহুল কাদের বাবুল, শামিমা আকতার, জাহানারা ইসলাম, সোহেল ইকবাল, সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, শামসুল হক শারেক, ইমাম খাইর, হাফেজ রিয়াদ হায়দারসহ বিভিন্ন শ্রেণীর পেশার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা এবং ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য, অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ধারণাপত্র পাঠ করেন সদস্য সচিব অ্যাডভোকেট সাকী-এ-কাউছার ও অধ্যাপক শারমীন সিদ্দিকী লিমা।
সভায় উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনশিল্প, সামুদ্রিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কক্সবাজার নানা সম্ভাবনার পাশাপাশি নাগরিক অধিকার, পরিবেশ সুরক্ষা, অপরিকল্পিত নগরায়ণ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা,নিরাপদ পানি, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যা মোকাবিলায় সচেতন নাগরিকদের সংগঠিত অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
ফোরামের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, বাঁকখালী নদীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ণ, যানজট নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি নিশ্চিতকরণ, নারী ও শিশুর অধিকার সুরক্ষা, স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ এবং রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে স্থানীয় জনগণের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা।
ধারণাপত্রে আরও উল্লেখ করা হয়, ফোরামটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের স্বার্থে পরিচালিত হবে না। এটি একটি স্বাধীন, নিরপেক্ষ, জনস্বার্থভিত্তিক ও নাগরিক অধিকারকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তথ্য, যুক্তি, আইন, মানবিক মূল্যবোধ ও জনস্বার্থকে ভিত্তি করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ, মতবিনিময়, গবেষণা, গণশুনানি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় গণমাধ্যম ও সাংবাদিক সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কক্সবাজারকে একটি মানবিক, বৈষম্যহীন, পরিবেশবান্ধব, নিরাপদ ও নাগরিক অধিকারসম্মত জনপদ হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী, তরুণ সমাজ,সামাজিক ও পরিবেশ সংগঠনসহ সর্বস্তরের সচেতন নাগরিকদের এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম নাগরিক অধিকার, মর্যাদা ও জনস্বার্থে ঐক্যবদ্ধ উদ্যোগ।
এই যাত্রায় সকল শ্রেণীর নাগরিকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন সভাপতি মো. নাছির উদ্দিন।