যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। যে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যত সহজ সেখানকার মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগও তত বেশি বিস্তৃত হয়। অথচ কক্সবাজারে রেল যোগাযোগ চালু হওয়ার পরও চকরিয়া ও আশপাশের আটটি উপজেলার মানুষ ঢাকা-কক্সবাজার আন্তঃনগর ট্রেনের প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই, চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং আশপাশের আট উপজেলার যাত্রীদের জন্য আসন বরাদ্দের দাবি এখন জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা স্থানীয় মানুষদের দাবি ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনগুলো অন্তত পাঁচ মিনিটের হলেও জন্য চকরিয়া স্টেশনে থামানো হোক। কারণ, আন্তঃনগর ট্রেন ঢাকা-কক্সবাজারের মধ্যবর্তী ভৈরববাজার, আশুগঞ্জ, বাক্ষ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, লাঙ্গলকোট, ফেনী, চট্টগ্রাম—এই যে দশ জায়গায় বিরতি দেয়ার কথা বলা হয়েছে তার গুরুত্ব বিবেচনায় কোন অংশেই চকরিয়া বাদ যাওয়ার কথা নয়।
প্রকৃতপক্ষে, বাস্তবতা বিবেচনা করলে দেখা যাবে আমাদের দাবি দুটি কোনভাবেই অযৌক্তিক নয়। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, মহেশখালী, কুতুবদিয়া, লামা, আলীকদম ও বাঁশখালীসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা ও পারিবারিক প্রয়োজনে নিয়মিত দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। তাদের ট্রেনে উঠতে অন্য স্টেশনে যেতে হলে অতিরিক্ত সময়, অর্থ ও শ্রম ব্যয় করতে হবে। চট্টগ্রামের পর আন্তঃনগর থামে কক্সবাজার। এই আট উপজেলার কেউ যদি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে আন্তঃনগর ট্রেনে উঠে তাহলে অতিরিক্ত অর্থব্যয় তো আছেই, চকরিয়া থেকে ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে কক্সবাজারে গিয়ে, সেখান থেকে আবার সড়ক পথে চকরিয়া আসতে হবে তাকে। যেখানে আসা-যাওয়ায় যানজটসহ সব মিলিয়ে অতিরিক্ত তিন থেকে প্রায় চার ঘন্টা নষ্ট হবে। একইভাবে ঢাকা যেতে চাইলেও আগে থেকে কক্সবাজার গিয়ে সেখান থেকে ট্রেনে উঠতে হবে। আন্তঃনগরে করে চট্টগ্রাম থেকে চকরিয়া যেতে চাইলেও যাত্রীদের এই দুর্ভোগের সম্মুখীন হতে হবে। অথচ, চকরিয়ার বুক চিরেই ঢাকা যায় কক্সবাজার থেকে ছেড়ে আসা এই আন্তঃনগর ট্রেন।বিশেষকরে অসুস্থ রোগী, শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং সীমিত আয়ের যাত্রীদের জন্য এই বাড়তি ভোগান্তি যথেষ্ট অমানবিক। অন্যদিকে, চকরিয়া স্টেশনে কয়েক মিনিটের যাত্রাবিরতি লাখ লাখ মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখবে এতে সন্দেহ নাই। অবশ্য যাত্রাবিরতির সিদ্ধান্তের ক্ষেত্রে যাত্রীসংখ্যা, ট্রেনের সময়সূচি, পরিচালনাগত বাস্তবতা ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। যার কোন মানদণ্ডেই আমাদের দাবিটি ফেলে দেয়ার নয়। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় সকল বিষয় যাচাই করে পরীক্ষামূলকভাবে হলেও যাত্রাবিরতি চালুর উদ্যোগ নিতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার যাত্রীদের জন্য আসন বরাদ্দের দাবিটিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা দরকার।
মনে রাখতে হবে, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং সেই অবকাঠামোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। কক্সবাজার রেল স্টেশনের পরেই চকরিয়া রেল স্টেশন দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় রেল স্টেশন। তাই, “কক্সবাজারগামী ট্রেন চকরিয়া স্টেশন অতিক্রম করবে, অথচ আশপাশের বিশাল জনগোষ্ঠী প্রয়োজনীয় সুবিধা পাবে না, তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেল আসতে-যেতে দেখবে” এ পরিস্থিতির যৌক্তিক সমাধান হওয়া প্রয়োজন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী এলাকাতে চকরিয়া রেল স্টেশন অবস্থিত। আবার, চট্টগ্রাম-০৯ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানের জন্মস্থান তথা গ্রামের বাড়ি চকরিয়া রেল স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যেই। আমার বাড়িও চকরিয়া রেল স্টেশনের সর্বোচ্চ দেড় কিলোমিটার অদূরেই। আমার মত এখানকার আশেপাশের উপজেলাগুলোর ২০ লাখের বেশি জনসাধরণ তাইতো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের নিকট প্রত্যাশা করে বিষয়টিকে আঞ্চলিক দাবি হিসেবে সীমাবদ্ধ না রেখে জনস্বার্থের প্রশ্ন হিসেবে দেখবেন। চকরিয়ায় অন্তত পাঁচ মিনিটের যাত্রাবিরতি নিশ্চিত করার উদ্যোগ নিলে তা হবে আটটি উপজেলার মানুষের প্রতি দায়িত্বশীলতার বাস্তব প্রতিফলন। পরিশেষে আবারও বলতে চাই, মানুষের ন্যায্য দাবি পূরণে সব সময় মেগা প্রকল্পের প্রয়োজন হয় না। কখনো কখনো কয়েক মিনিটের একটি সিদ্ধান্তও শত শত বছর ধরে মানুষের জীবনে বড় স্বস্তির কারণ হয়ে থাকে। চকরিয়া রেল স্টেশনে ঢাকা-কক্সবাজার আন্তঃনগর ট্রেনের পাঁচ মিনিট বিরতি এবং এই স্টেশনের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দের সিদ্ধান্তও সেরকম বছরের পর বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মের জন্য স্বস্তির নিশ্বাস হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।
তাওহীদুল ইসলাম নূরী, প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ছাত্রদল
