চকরিয়া প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাহবুবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মৃত আবুল খাইরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের গয়ালমারা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাহবুবুর রহমান মোটরসাইকেলসহ সড়ক থেকে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর চকরিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে।
নিহতের ভাগনে সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস তাঁর মামার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
