সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম :
বান্দরবানের আলীকদমে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা সাতজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আলীকদম ব্যাটালিয়নের ২ নম্বর জিপি গেট-সংলগ্ন সড়কে সন্দেহজনক গতিবিধির কারণে সাতজনকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রায় দুই মাস আগে দালাল চক্রের মাধ্যমে ক্যাম্প থেকে পালিয়ে কাজের সন্ধানে রামু উপজেলার গর্জনিয়া এলাকার ম্রোং পাড়ায় অবস্থান করছিলেন।
আটক ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের তিনজন, ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সাতজনকে ৮ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত ২টার দিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিজিবি সাতজন রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে দিবাগত রাত ২টার দিকে তাঁদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
