আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

১১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভাল্লুকখাইয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালানোর চেষ্টা করে। বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে তারা পাশের গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।