সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,আলীকদম:
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম থিংকু পাড়াসহ ৩২টি পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আলীকদম উপজেলার সদর ইউনিয়নের থিংকু পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামস, এনডিসি, পিএসসি।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মাধ্যমে দুর্গম থিংকু পাড়াসহ ৩২টি পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য হলো দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের পানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা। এ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট ৩২টি পাহাড়ি পাড়ার স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি পাওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, পানিবাহিত রোগের ঝুঁকি হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়নে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে। দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির মতো মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন আশার সঞ্চার করেছে।
থিংকু পাড়ার কারবারি বিশ্ব ত্রিপুরা বলেন, “একসময় আমাদের গ্রামের মানুষকে অনেক কষ্ট করে ঝিরি-ঝরনা থেকে পানি সংগ্রহ করতে হতো। বিশেষ করে শুকনো মৌসুমে ঝিরিগুলো শুকিয়ে গেলে পানির জন্য চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গ্রামের মধ্যে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
