সিবিএন ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় চিটাগাং ক্লাব লিমিটেডের সিসি উইংয়ে আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও বিশিষ্ট অ্যালামনাইরা অংশ নেন।
চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, গবেষণা ও অর্জনকে স্মরণীয় করে রাখতে হীরকজয়ন্তী উদযাপনের নানা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানকে সর্বজনীন ও উৎসবমুখর করতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাঁদের মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী কেবল একটি উৎসব নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ আয়োজন সফল করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি হীরকজয়ন্তী উদযাপনে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে দুই উপ-উপাচার্য হীরকজয়ন্তী উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা আয়োজনটি সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এস এম ফজলুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের আবেগ, স্মৃতি ও গৌরবের অংশ। বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের অর্জন যথাযথ মর্যাদায় উদযাপন করতে সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হীরকজয়ন্তীকে স্মরণীয় করে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন ও অধ্যাপক একরামুল করিম, চাকসুর সাবেক ভিপি মজহারুল হক শাহ চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, বিএফটিআই ইউনিভার্সিটির উপাচার্য, চবি সিনেট সদস্য স. ম. নজরুল, অধ্যাপক ইউনুস চৌধুরী, মুজতবা কামাল, জাকির হোসাইন, মো. মহিউদ্দিন বাদল, অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সালাউদ্দিন মো. রেজা, মো. আছিফ চৌধুরী, এম আর চৌধুরী মিল্টন, অ্যাডভোকেট ফেরদৌস মোরশেদ খানসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধি ও বিশিষ্ট অ্যালামনাইরা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা হীরকজয়ন্তী উদযাপনের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ দেন। একই সঙ্গে এ আয়োজন সফল ও স্মরণীয় করে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
- বাংলানিউজ
