চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফলে ২৯৩ কলেজে কোনো ছাত্র-ছাত্রী পাস করতে পারেনি। গত বছর এমন কলেজের সংখ্যা ছিল ২০২। সেই হিসাবে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
এই কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (৪ নভেম্বর) এসব কলেজকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। এতে শিক্ষার্থীদের ফেল করার কারণসহ নানা বিষয়ে জানতে চাওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, শতভাগ ফেল করা কলেজগুলোর জন্য চিঠি ইস্যু চলছে। আগামীকালের মধ্যেই তাদের নোটিশ পাঠানো হবে।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষার্থী ফেল করার কারণ কী, তাদের কাছে তা জানতে চাওয়া হবে। যৌক্তিক কারণ না পেলে তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে গত ৩১ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফল ঘোষণা করেন। এরপর ফেল করা, পুনরায় পরীক্ষা দেওয়া ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার ১১টি সাধারণ ও বিশেষায়িত বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের একজনও পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
