সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম;
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের আলীকদম উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হলো মেঘের রাজ্যখ্যাত ডিম পাহাড়। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে এটি এখন এক অনন্য গন্তব্যে পরিণত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত আলীকদম উপজেলার সারি সারি বৃক্ষরাজি আচ্ছাদিত সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত ডিম পাহাড়। পথে যেতে যেতে পর্যটকরা যেন হারিয়ে যান মেঘের রাজ্যে।
অপরূপ প্রকৃতির বুকে নির্মিত দেশের অন্যতম উঁচু পাহাড়ি সড়ক আলীকদম-থানচি সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচুতে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সড়কটি দিন দিন ভ্রমণপিপাসুদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এ সড়কের ২২ কিলোমিটার পয়েন্টে অবস্থিত ডিম পাহাড় প্রকৃতির এক বিস্ময়। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে উপভোগ করা যায় এক ভিন্ন অনুভূতি।
প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কের পুরো পথজুড়েই রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ডিম পাহাড় এলাকায় দাঁড়িয়ে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে আকাশের সাদা মেঘ। সবুজে ঘেরা পিচঢালা আঁকাবাঁকা সড়ক, পাহাড় আর মেঘের মিতালি দেখে পর্যটকরা মুগ্ধ হয়ে যান।
পুরো সড়কপথজুড়ে রয়েছে সবুজ পাহাড় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট ছোট গ্রাম। এসব গ্রামের মানুষের জীবনধারা, সংস্কৃতি ও জীবনযাপন পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। তবে দুর্গম পাহাড়ি পথ হওয়ায় ভ্রমণে নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান, সড়কের বিভিন্ন স্থানে স্থাপিত নিরাপত্তা চৌকিতে পর্যটক ও যাত্রীবাহী যানবাহনের চালক-যাত্রীদের তথ্য ও জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ করা হয়। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। পর্যটকদের সুবিধার্থে গাইডের ব্যবস্থাও রয়েছে।
বর্তমানে ডিম পাহাড় দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই অসংখ্য পর্যটক আলীকদমে ভিড় করছেন। তবে উঁচুনিচু পাহাড়ি সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা সদর থেকে আলীকদম-থানচি সড়কপথে ভ্রমণের সময় পর্যটকরা টপহিল মিরিঞ্জা পর্যটনকেন্দ্র এবং আলীকদমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলীর সুড়ঙ্গ (আলী কদম গুহা) পরিদর্শনের সুযোগও পান।
বর্তমানে ভ্রমণ মৌসুম হওয়ায় বিশেষ করে শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে আলীকদমে পর্যটকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে।
