শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে নানা সময় নানা প্রশ্ন ও মন্তব্য সামনে আসে। বিশেষ করে তাদের ধর্মীয় চর্চা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার প্রবণতা নিয়েই এবার কথা বলেছেন চিত্রনায়িকা ফারহানা আমিন রত্না নূতন। তার মতে, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন বা ইবাদত নিয়ে না জেনে মন্তব্য করা উচিত নয়।

সম্প্রতি ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এর আয়োজনে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পান নূতন। পুরস্কার গ্রহণের পর দেওয়া বক্তব্যে শিল্পীদের ধর্মীয় জীবন নিয়ে প্রচলিত নানা প্রশ্নের প্রসঙ্গ তোলেন তিনি।

নূতন বলেন, ‘অনেকেই মনে করেন বা প্রশ্ন তোলেন শিল্পীদের ধর্মকর্ম নিয়ে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, শিল্পীরাও মানুষ, তারাও আল্লাহকে ভয় পায়। অনেক শিল্পীই নিয়মিত নামাজ পড়েন। কিন্তু এই বিষয়টি তো প্রকাশ্যে বলার কিছু নেই, যার যার ইবাদত তার মতো করে পালন করাই তো নিয়ম।’তিনি আরও বলেন, ‘গোপন ইবাদতে সৃষ্টিকর্তা আরও বেশি খুশি হন। তাই শিল্পীদের সব বিষয় নিয়ে না জেনে মন্তব্য করা ঠিক না।’

শিল্পীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যের প্রসঙ্গ টেনে নূতন বলেন, ‘আমার বিচার আল্লাহ করবেন। আমি যদি নামাজ না পড়ি বা গুনাহ করে থাকি তবে সেই বিচার তিনিই করবেন। আমার নসিবে জাহান্নাম থাকলে যাব, আপনারা যারা বাজে কমেন্ট করে গুনাহ করছেন তারা কই যাবেন? আজেবাজে কমেন্ট করে পাপ নিজের গায়ে নিয়েন না।’

দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নূতন জানান, চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করতে তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হয়েছে। একইসঙ্গে পরিবার, ব্যক্তিজীবন ও পেশাগত দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জও ছিল। তবে এসবের কোনো কিছুই তাকে অভিনয় থেকে দূরে সরাতে পারেনি।

নূতনের কাছে অভিনয় শুধু পেশা নয়, দীর্ঘদিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি অধ্যায়। তাই জীবনের শেষ সময় পর্যন্ত চলচ্চিত্রের সঙ্গেই থাকতে চান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যাওয়ার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী।