বিনোদন ডেস্ক:
প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত এ প্রশ্ন ঘুরছে ভক্তদের মধ্যে। এরই মধ্যে তাদের ঘনিষ্ঠজনদের সূত্রে আলোচনায় এসেছে প্রীতমের ব্যস্ততা, দাম্পত্যে দূরত্ব এবং দুজনের মধ্যে তৈরি হওয়া মতপার্থক্যের বিষয়টি।

তবে এসবের কোনোটি এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কারণ হিসেবে জানাননি প্রীতম বা শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক পোস্টে শেহতাজ জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া থেকে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগোচ্ছেন।

বিজ্ঞাপন
ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, সাম্প্রতিক সময়ে শো ও সংগীতের বিভিন্ন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন প্রীতম। এতে দাম্পত্য জীবনে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে দাবি তাদের পরিচিতদের। এ নিয়ে কয়েক মাস ধরেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলেও জানা গেছে।

তবে শেহতাজের পরিবর্তন নিয়েও আলোচনা রয়েছে। ঘনিষ্ঠজনদের কেউ কেউ মনে করছেন, প্রীতমের ব্যস্ততা ও পারিবারিক জীবনে সময় দেওয়ার ঘাটতি থেকেই শেহতাজের মধ্যে পরিবর্তন আসে। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে একাধিকবার মতবিরোধ হয়েছে বলেও দাবি সূত্রগুলোর।

তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে বিস্তারিত বলতে চাননি তাদের ঘনিষ্ঠরা। বিচ্ছেদের আনুষ্ঠানিক কারণও এখনো জানাননি এই তারকা জুটি।

২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে, আর শেষ পর্যন্ত বিয়েতে।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শেহতাজ লেখেন, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এখনো একে অপরের প্রতি যত্নশীল তারা।

শেহতাজ আরও জানান, অনেক ভেবেচিন্তে তারা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই তাদের জন্য ভালো। পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগোচ্ছেন।

একই সঙ্গে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন শেহতাজ।