সিবিএন ডেস্ক;
কক্সবাজার শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (UDCGP) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘CBP Clean Up Drive 2026’ শীর্ষক র্যালি ও ডাস্টবিন বিতরণ কর্মসূচি।
শনিবার (৩১ অক্টোবর) জাইকা ও পৌরসভার তত্ত্বাবধানে কলাতলীর সাইমন এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে কলাতলী প্রাইমারি স্কুলে গিয়ে শেষ হয়। পরে কলাতলী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে সমাজ পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।
র্যালি ও আলোচনা সভা শেষে পৌর প্রশাসক শামীম আল ইমরানের উপস্থিতিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও সুপারভাইজারদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়।
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক শামীম আল ইমরান, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরী, সহকারী প্রকৌশলী রুমেল বড়ুয়া, সমাজকল্যাণ উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার এবং জাইকার টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।
কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির মূল স্লোগান ছিল—‘আমার শহর, আমরাই পরিষ্কার রাখব’।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে এবং কক্সবাজারকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
