সিবিএন ডেস্ক:

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে কক্সবাজার থেকে রিয়াজ উদ্দিন রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে শহরের কলাতলী বিকাশ বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, তাজমিন হত্যা মামলায় জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, রাজুই তাজমিনকে প্রলুব্ধ করে কক্সবাজারে নিয়ে এসেছিলেন। তবে তাকে কুমিল্লার হত্যা মামলায় আসামি করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

আটক রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক। আটকের আগে চ্যানেল ২৪-এর কাছে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) অর্ণব জানান, হত্যাকাণ্ডে রাজুর সরাসরি জড়িত থাকার তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের বিভিন্ন দিক বিবেচনায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। একজন নাবালিকাকে যেভাবে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।