নাছির উদ্দিন সোহেল, সিবিএন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও জলবায়ু-সহনশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার সদর ও উখিয়া উপজেলায় ১৩ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট।

বুধবার ৭ অক্টোবর ২০২৬ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।

সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট-আইএফআরসি সহায়তায় এবং পপুলেশন মুভমেন্ট অপারেশন-পিএমও-এর আওতায় এ কর্মসূচি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিট বাস্তবায়ন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমান, পিএমও প্রতিনিধিবৃন্দ এবং কক্সবাজার ইউনিটের যুব স্বেচ্ছাসেবকেরা।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যায় উৎসাহিত করাও কর্মসূচির অন্যতম লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়াবে এবং দীর্ঘমেয়াদে সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।