অনলাইন ডেস্ক:
জামায়াতে ইসলামী এবং কওমি আলেমদের একাংশের রাজনৈতিক সম্পৃক্ততা ও জোট নিয়ে সমালোচনা করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তাঁর একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ভাইরাল ভিডিওতে মুফতি আব্দুল মালেককে জামায়াতের সঙ্গে কওমি পন্থী রাজনৈতিক দলগুলোর জোট বা সম্পৃক্ততার বিষয়ে কঠোর মন্তব্য করতে শোনা যায়। সেখানে ‘দ্বীন কায়েমের’ প্রসঙ্গে জামায়াতের কথা উল্লেখ করে তিনি ‘নাউজুবিল্লাহ’ উচ্চারণ করেন।
কওমি পন্থী রাজনৈতিক দলগুলোর জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা জামায়াতে যোগদান করবেন, তারা পথভ্রষ্টতার পথে পা বাড়াবেন।’
তিনি আরও বলেন, ‘সব কওমি চলে যাবে জামায়াতে! পুরো কওমি চলে গেলে সব পথভ্রষ্টতা হয়ে যাবে। পুরো কওমি যদি সব ওই দিকে যায়—আল্লাহ মাফ করেন, সব গুমরাহ হয়ে যাবে।’
মুফতি আব্দুল মালেক বলেন, ‘পুরো কওমি গেল—এত বেশি স্বপ্ন দেখেন কেন? কওমি কিছু ভালো থাকলে পুরো কওমি যাবে না ওই দিকে। কিসমত ভালো যাদের, তারা ওই দিক থেকে এই দিকে চলে আসবে।’
তাঁর এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতের রাজনৈতিক আদর্শ, ‘দ্বীন কায়েম’ ধারণা এবং কওমি আলেমদের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।