বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স (মেডিকেল প্লেন) আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়ার পর এর ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। শনিবার ভোরে ম্যাসাচুসেটসের নানটকেট দ্বীপের অদূরে প্লেনটি নিখোঁজ হয়। কোস্টগার্ড জানিয়েছে, ধ্বংসাবশেষ পাওয়া গেলেও প্লেনে থাকা রোগী ও ক্রুসহ ছয় আরোহীর এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের তথ্যমতে, গালফস্ট্রিম জি১০০ মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে বারমুডার একজন রোগী ও তার এক স্বজন এবং চারজন কানাডীয় ক্রু ছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে রেডিও ট্রান্সমিশনে প্লেনটিতে বৈদ্যুতিক ত্রুটির কথা জানানো হয়। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এটি মাত্র তিন মিনিটের মধ্যে কয়েক হাজার ফুট নিচে নেমে যায় এবং রাডার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিখোঁজ হওয়ার ঠিক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা পাইলটের সাথে যোগাযোগের চেষ্টা করে জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে কি না জানতে চাইলেও, পাইলটের কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, তারা প্রথম ২৭ ঘণ্টায় প্রায় ১ হাজার ৬৪৪ বর্গমাইল এলাকায় তল্লাশি চালিয়েছে এবং উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। উদ্বেগজনক এই ঘটনায় বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট এক বিবৃতিতে নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিখোঁজ ৬ জনকে নিরাপদে ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান