চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (১২) নামে এক শিশু আহত হয়েছে। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর বড়ঘোনা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি তাহের সিকদারের ছেলে। আহত আরিফ একই এলাকার মো. জাফরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে আমিরাবাদে যাওয়ার পথে কক্সবাজারগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাইফুল ও আরিফ আহত হন। পরে সাইফুলের মৃত্যু হয়।
দোহাজারী হহাইওয়ে থানার ডিউটি অফিসার এস আই আব্দুস সাত্তার জানান, দুর্ঘটনার বিষয়টি কেউ অবহিত করেনি।
