মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারে অচিরেই আধুনিক ও বহুমুখী সুবিধা সম্বলিত একটি তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। এজন্য জমি অধিগ্রহনের কার্যক্রম শুরু হয়েছে। জমি অধিগ্রহন চুড়ান্ত হলেই দ্রুততম সময়ে নির্মাণ কাজ শুরু করা হবে।
শনিবার (১০ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্থানীয় সাংবাদিকদের সাথে হিলটপ সার্কিট হাউসে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ইতিমধ্যে কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের পাশে, খুরুস্কুল সহ তিনটি জমি প্রস্তাবিত তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য তিনি পরিদর্শন করেছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনা এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা সৃষ্টি হবে। এতে জেলা পর্যায়ে তথ্য অফিসের সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হলে সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শন, ডিজিটাল আর্কাইভ, ইন্টারনেট সাইবার ক্যাফে, আইসিটি ল্যাব, তথ্য প্রযুক্তি সেবা সহ বহুমুখী সেবা প্রদানের ব্যবস্থা থাকবে। বিভিন্ন কারণে কক্সবাজার একটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। সে চিন্তা থেকেই কক্সবাজারে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণকে সরকার অগ্রাধিকার দিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আরো বলেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। যেখানে সাংবাদিকদের সংজ্ঞা ও পরিচিতি কি হবে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকবে। যাতে প্রকৃত সাংবাদিকেরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আরো বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন করে দেশটাকে গড়ে তুলতে হবে। জুলাই আন্দোলনে আমাদের তরুণরা রক্ত দিয়েছেন। তাঁদের সেই আত্মত্যাগের ঋণ কখনো শোধ করার মতো নয়। তাঁদের প্রত্যাশা পূরণে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার ইতোমধ্যে বিভিন্ন কল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ উন্নয়ন এবং তাঁদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান বাড়াতে এখাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে।
মাহবুবা ফারজানা আরও বলেন, সারাদেশে গুজব, অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধে সাইবার আইনের সংশোধনীসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ এবং সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকেরা সমাজে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ সভাপতি ও দৈনিক সংগ্রাম এর স্টাফ রিপোর্টার কামাল হোসেন আজাদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, দৈনিক ইনকিলাব এর বিশেষ প্রতিনিধি শামসুল হক শারেক, এনটিভি’র স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, বাংলা ভিশনের প্রতিনিধি এম আর খোকন, এটিএন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, চ্যানেল ওয়ান প্রতিনিধি এফএম সুমন, দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি আরোজ ফারুকসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে স্থানীয় সাংবাদিকেরা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
