সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান)
বান্দরবানের আলীকদমে পাহাড়ের ঢালে ঢালে বাড়ছে কলা চাষ।কলা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি পরিবারের কৃষকেরা।
স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা সরবরাহ হচ্ছে চট্টগ্রাম,কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায়।তবে পর্যাপ্ত সার,সরকারি প্রণোদনা ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় সম্ভাবনা অনুযায়ী এগোতে পারছেন না চাষিরা।
উপজেলার বিভিন্ন পাহাড়ে বছরজুড়ে বাংলা,চাপা, সাগর,সরবি ও কাঁচকলার চাষ হয়। তবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ফলন বেশি পাওয়া যায়। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী,শুধু রবিবারেই পানবাজার ও আমতলী নদীঘাট থেকে ২০ থেকে ৩০ হাজার ছড়া কলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

চৈক্ষ্যং ইউনিয়নের ভরিমুখ কর্মকারপাড়া এলাকার দুই তরুণ কৃষক মো. হাসান ও খুরশেদ আলম ১০ একর জমিতে কলা চাষ করেছেন। তাঁরা জানান, প্রতি সপ্তাহে ২০০ থেকে ২৫০টি কলার ছড়া বিক্রি করেন। ছড়াপ্রতি দাম পান ১৫০ থেকে ৫০০ টাকা। তবে প্রয়োজনীয় সার না পাওয়ায় উৎপাদন বাড়ানো যাচ্ছে না। পর্যাপ্ত সার সরবরাহ করা হলে উৎপাদন দ্বিগুণ করা সম্ভব বলে তাঁদের দাবি।
চকরিয়ার ব্যবসায়ী মো. শামশুল আলম বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও টোলের খরচ বেড়ে যাওয়ায় কলা পরিবহনে লাভ কমেছে। অন্যদিকে চট্টগ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, আকার ও গুণগত মানের কারণে পাহাড়ি কলার চাহিদা ভালো।
কৃষকদের দাবি, পর্যাপ্ত সার, সরকারি প্রণোদনা ও উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হলে আলীকদমে কলা চাষ আরও সম্প্রসারিত হবে। এতে পাহাড়ি কৃষকদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরে আলীকদমে মোট ১১ শত ২৫ হেক্টর কৃষি জমি ও পাহাড়ের ঢালে কলা উৎপাদন হচ্ছে। তারমধ্য বাংলা কলা ৬৭৭ হেক্টর, চাপা কলা ৩৫৪, সাগর কলা ৫২, সরবি কলা ২৭ এবং কাঁচ কলার আবাদ হচ্ছে ১৫ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন,‘পাহাড়ের মাটিতে প্রাকৃতিক ভাবেই কলাগাছ বেড়ে ওঠে। শুধু চারার আশপাশে জঙ্গল পরিষ্কারসহ মরা পাতা,অতিরিক্ত চারা কেটে ফেলে দিলেই হয়। সার-কীটনাশক ছাড়া চাষের কারণ এ কলার পুষ্টি অটুট থাকে এর চাহিদাও বেশি। উপজেলায় সারের চারজন ডিলার থাকলেও বরাদ্দ চাহিদার তুলনায় কম। তবে সমন্বয়ের মাধ্যমে সব কৃষকের মধ্যে সার বিতরণের চেষ্টা চলছে।
