মো. আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার এসআরবি-১৫ উপ-অধিনায়ক
মেজর এস এম মারুফ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশের খালে অভিযান চালায় এসআরবি-১৫ ও ২ বিজিবির যৌথ দল। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, গত ৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১২০টি অভিযানে প্রায় ১৩ লাখ ৯৭ হাজার ৪২৭ পিস ইয়াবাসহ বিভিন্ন মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার এবং ৪৬ জন অপহৃত ও পাচারকৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
