কক্সবাজারে ইফার মহাপরিচালক আল্লামা মুফতি মহিব্বুল্লাহিল বাকী নদভী

মাদ্রাসা নিয়ে কুচক্রীমহলের ষড়যন্ত্রের ব্যাপারে শিক্ষকদের সজাগ থাকতে হবে

প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬ ০৩:১৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইমাম খাইর, সিবিএন:
মাদ্রাসা নিয়ে কুচক্রীমহলের ষড়যন্ত্রের ব্যাপারে শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আল্লামা মুফতি মহিব্বুল্লাহিল বাকী নদভী।

তিনি বলেন, মাদ্রাসা নিয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্র অব্যাহত আছে। এতে বিচলিত হওয়া যাবে না। নিজেদের কর্মে অবিচল থাকতে হবে।

৭ অক্টোবর দুপুরে কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ সামাজিক সমস্যা সমাধানে ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দারুল আরকামের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহবান জানান মহাপরিচালক।

দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কক্সবাজার জেলার সভাপতি মুফতি ইউসুফ মক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর, মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাসেমী ও জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা মনজুর আলম।

শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান দারুল আরকামের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তাসনিম হাসনাত, অর্থ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, আইসিটি সম্পাদক মহিউদ্দিন, উপদেষ্টা আব্দুল কাইয়ুম, খাইরুজ্জামান, মাশুকুর রহমান, জিয়াউর রহমান ও ইলিয়াস কুতুবীসহ সমিতির অন্তর্ভুক্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকবৃন্দ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নিকট তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন।

এর আগে শহর অভ্যন্তরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম মাদ্রাসাসমূহ পরিদর্শন করেন আল্লামা মুফতি মহিব্বুল্লাহিল বাকী নদভী। এরপর ফাউন্ডেশন মিলনায়তনে একটি আলোচনা সভায় যোগ দেন।