মোঃ আরাফাত সানি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, ৪ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানতে পারে বিজিবি। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক ও এসআরবি প্রতিনিধির যৌথ পরিকল্পনায় রাত সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেট সংলগ্ন নাফ নদীর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির সদস্যরা।
পরে ৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। রাত আড়াইটার দিকে সন্দেহভাজন ব্যক্তিরা বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে।
পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করেন। প্যাকেটগুলো তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. ইদ্রিস (৪০)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
