সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম :
যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে বান্দরবানের আলীকদমে ‘যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আলীকদম সেনা জোনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ফরহাদুর রহমান, পিএসসি। অনুষ্ঠানে আলীকদম ম্রো কমপ্লেক্সের পরিচালক ইয়ংলো ম্রোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার ও প্রযুক্তিগত জ্ঞান কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা আরও বাড়ানোর পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যুবসমাজকে দক্ষ, শিক্ষিত ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে সৎ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সনদ গ্রহণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ ও কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
