খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিন ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ও তামাকজাত পণ্য ছিল।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

তিনি বলেন, বহিঃশত্রুর চেয়েও মাদকের ভয়াবহতা বেশি। মাদক প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ‘না’ বলতে হবে। সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকের প্রবেশ বন্ধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে গুইমারা সেক্টরের কমান্ডার কর্নেল মো. মিজানুরসহ বিজিবির সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।