জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অদূরে বাংলাদেশের জলসীমায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৬টার দিকে সেন্ট মার্টিনের অদূরে বাংলাদেশের জলসীমায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি হেরোইন জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
