সিবিএন ডেস্ক:
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। ‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ সংরক্ষণের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ গুলশানে যৌথ অভিযান চালিয়ে এসব গুদাম সিলগালা করা হয়।
অভিযানে অংশ নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, প্রাথমিক পরিদর্শনে গুদামগুলোতে গুরুতর অসঙ্গতি পাওয়া যায়। অধিকতর যাচাই-বাছাই ও তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউস ছিল দুটি। তবে সরেজমিন পরিদর্শনে মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে অনুমোদিত সীমার বাইরে থাকা দুটি ওয়্যারহাউসকে অননুমোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য যাতে অননুমোদিত স্থান থেকে সরানো বা স্থানান্তর করা না যায় এবং বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়, সে জন্য সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে।
এদিকে, শেখ নুর ইসলাম ও তার পরিবারের ব্যবসা এবং আর্থিক লেনদেন নিয়ে আলাদা কর-সংক্রান্ত অনুসন্ধানও চলমান রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে এসেছে। তবে এসব অনুসন্ধানের সঙ্গে সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সরাসরি সম্পর্ক নেই বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বিষয়টি নিয়ে তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপের বিষয়ে তথ্য পাওয়া যাবে।
