জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পাহাড়ি মাটি পাচারকালে ডাম্পারের ধাক্কায় আবুল হাশেম (প্রায় ১০০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ি মাটি নিয়ে একটি ডাম্পার যাওয়ার সময় আবুল হাশেমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহত আবুল হাশেম পানখালী এলাকার মৃত আব্দুল কাদের ও মৃত সোনা বানুর ছেলে। মৃত্যুকালে তিনি সাত ছেলে, আট মেয়ে, অসংখ্য নাতি-নাতনি ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
নিহতের স্বজনরা জানান, ডাম্পারের ধাক্কায় তার হাত, কোমর ও পায়ে গুরুতর আঘাত লাগে। শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।
স্থানীয় ইউপি সদস্য হোসাইন আহমদ বলেন, “মাটি ভর্তি ডাম্পারের ধাক্কায় এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বির মৃত্যু হয়েছে। ডাম্পারে করে পাহাড়ি মাটি পাচার করা হচ্ছিল। আবুল হাশেমের বাড়ির সামনে দিয়ে মাটি নেওয়ার সময় ডাম্পারটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।”
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
