নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে পৃথক অভিযানে গ্রান্ড মেজবানি হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সুগন্ধা পয়েন্ট ও সরকারি কলেজ গেইট এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার।

অভিযান সুত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার। যার অংশ হিসেবে  বিভিন্ন অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারমধ্যে সুগন্ধা এলাকায় গ্রান্ড মেজবানি হোটেল কে খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা, কাঁচা ও রান্না করা খাবার একইসাথে একই ফ্রিজে সংরক্ষণ করা, ডিটারজেন্ট দিয়ে ডিশ ওয়াশ করা ইত্যাদি অপরাধে ৩০ হাজার টাকা এবং সরকারী কলেজ গেইট এলাকায় মেসার্স রহমান ইলেকট্রনিক  এন্ড হার্ডওয়ারকে মেয়াদউত্তীর্ণ রং বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ফলের দোকান, মুরগির দোকান, মাংসের দোকান, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহ ইত্যাদি তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য পণ্য বিক্রয় করছেন কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে।