জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় গত দুই মাসে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এসব অভিযানে ১৬১ জনকে আটক করা হয়েছে। একই সময়ে অপহরণ ও পাচারের শিকার ৪৬ জন ভিকটিমকেও উদ্ধার করেছে এসআরবি।

এসআরবি সূত্র জানায়, চলতি বছরের ৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নটির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ লাখ ৮৭ হাজার পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন (আইস), সাড়ে ৩০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি এসএমজি, একটি এলজি, একটি ওয়ান শুটারগান এবং ৩৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া পৃথকভাবে পরিচালিত ১২১টি অভিযানে সর্বমোট ১৬১ জন আসামিকে আটক করা হয়েছে। পাশাপাশি অপহরণ ও পাচারের শিকার ৪৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, দেশের অপরাধ নির্মূলে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে দায়িত্বপূর্ণ এলাকায় নিরলসভাবে কাজ করছে ব্যাটালিয়নটি।

এসআরবির আইন ও মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অস্ত্র, মাদক ও অপহরণের মতো অপরাধ নির্মূলে এসআরবি-১৫-এর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীরা যে স্তরেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে এসআরবি বদ্ধপরিকর।