পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ও পশ্চিম চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মান, ওজন ও পরিমাপসংক্রান্ত বিষয় তদারকি করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঁচা মাছ, শুঁটকি মাছ, বয়লার মুরগি, বেকারি ও হোটেলসহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। একই সঙ্গে রড-সিমেন্টের দোকানসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেও তদারকি চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্য বিক্রির ক্ষেত্রে ওজন ও পরিমাপের সঠিকতা এবং বিএসটিআইয়ের নির্ধারিত মানদণ্ড অনুসরণের বিষয়টি যাচাই করা হয়। এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২ ধারা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর ২৮ ধারায় মোট ছয়টি মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড ধার্য করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে কক্সবাজার বিএসটিআইয়ের ইন্সপেক্টর এস. এম. রুহুল ইসলাম, ফিল্ড অফিসার নাঈম রহমান, পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান বজায় রাখা এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাজারে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ফলে ব্যবসায়ীদের মধ্যে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার প্রবণতা বাড়বে এবং ভোক্তারা পণ্যের মান ও সঠিক পরিমাপের ক্ষেত্রে আরও নিশ্চয়তা পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
