আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ লাখ ৭২ হাজার ২১৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার, ৮১ বস্তা সিমেন্ট ও ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, তিনছড়ি ও বাকখালী নদীসংলগ্ন ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
১১ বিজিবি সূত্র জানায়, চোরাচালানবিরোধী অভিযান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের সার, সিমেন্ট ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ১০০ কেজি ইউরিয়া, ৩৫০ কেজি টিএসপি, ১৫০ কেজি ডিএপি ও ৫০ কেজি পটাশ। সব মিলিয়ে মোট ৬৫০ কেজি সার জব্দ করা হয়েছে। এছাড়া ডায়মন্ড সিমেন্টের ৮১ বস্তা এবং ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়। এর মধ্যে লালি গোল কাঠ ১৭৭ দশমিক ৭৭ ঘনফুট এবং আকাশমনি কাঠ ২০ দশমিক ৪৮ ঘনফুট।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার বন্ধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সার, জ্বালানি তেল, ভোজ্যতেল ও সিমেন্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
১১ বিজিবির অধিনায়ক আরও বলেন, দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সতর্ক ও তৎপর রয়েছে।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
