সিবিএন ডেস্ক:
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। Campus Times
দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের ডিজিটাল সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। bdnews24.com
বিডিনিউজে যোগ দেওয়ার আগে তিনি দেশের বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই তার দীর্ঘ কর্মঅভিজ্ঞতা ছিল। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার নিউজ (সিবিএন)-এর সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তা:
“তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার দীর্ঘ সাংবাদিকতা জীবন ও গণমাধ্যমে অবদান স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”