জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। চিকিৎসাসেবা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধের পূর্ণ কোর্সও বিনামূল্যে সরবরাহ করা হয়।

সূত্র জানায়, শুক্রবার (২ অক্টোবর) উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার কৃতী সন্তান, বিভিন্ন এলাকায় কর্মরত চিকিৎসকদের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাহারছড়া তাফহীমুল কোরআন আলিম মাদ্রাসায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

স্থানীয়রা জানান, চিকিৎসক শাকের আহমদ বাহাদুরের নেতৃত্বে ডা. মিছবাহ উদ্দিন, ডা. সাদিয়া, ডা. ইমরান ও ডা. সায়মন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

উত্তর শীলখালী নাগরিক ঐক্য ফোরামের বাস্তবায়নে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে অ্যাজমা, জ্বর, বাতব্যথা, জয়েন্টের ব্যথা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মা ও শিশুর বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে বাহারছড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা এসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন।

সেবা প্রদানকারী চিকিৎসক শাকের আহমদ বাহাদুর বলেন, ‘মানবসেবাই প্রকৃত সেবা। উপকূলীয় এলাকার মানুষের সুবিধার্থে ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।’

বিশিষ্ট পরিবেশ ও উন্নয়নকর্মী মুহাম্মদ শহীদ উল্লাহ শহীদ বলেন, ‘এটি ছিল একটি সুন্দর আয়োজন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘ফ্রি মেডিকেল ক্যাম্প প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী। এর মাধ্যমে গ্রামের মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পেয়েছেন। উপকূলীয় এলাকার মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।’