পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায় ও দুস্থ রোগীদের জন্য ১০০ পিস জলাতঙ্কের ভ্যাকসিন (রেবিস ইমিউনোগ্লোবিউলিন—আরআইজি) প্রদান করেছে চট্টগ্রামস্থ পেকুয়া জনকল্যাণ পরিষদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

সমাজের অসচ্ছল ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। বিশেষ করে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ের পর জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা নিতে গিয়ে দরিদ্র রোগীরা যাতে আর্থিক সংকটে না পড়েন, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া জনকল্যাণ পরিষদের সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরী, পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইল, ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হকসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, অসহায় রোগীদের জন্য জলাতঙ্কের ভ্যাকসিন অত্যন্ত প্রয়োজনীয়। পেকুয়া জনকল্যাণ পরিষদের এ উদ্যোগ চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।